নিজস্ব প্রতিবেদক | হালুয়াঘাট নিজের আপন চাচাতো ভাইয়ের উপকার করতে গিয়ে উল্টো মিথ্যা অপবাদ ও গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে বর্তমানে নিজ বাড়ি ছেড়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘ইফতি কম্পিউটার্স’-এর মালিক মেহেদী হাসান রাকিব। হালুয়াঘাট উপজেলার খন্ডল গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণ
ভুক্তভোগী রাকিবের দাবি অনুযায়ী, তার চাচাতো ভাই মোঃ শওকত হোসেন সাগরকে (পিতা: মোঃ জিয়া) বিভিন্নভাবে সহযোগিতা করতে গিয়েই তিনি বিপদে পড়েন। অতি সম্প্রতি রাকিবের কয়েকজন চাচা, চাচি এবং দাদি মিলে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার শুরু করেন। তারা রাকিবের বাবার কাছে অভিযোগ করেন যে, রাকিব সাগরকে মারধর করেছেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলেছেন।
সম্পত্তির লোভে সুক্ষ্ম চাল
মেহেদী হাসান রাকিব জানান, এই ভিত্তিহীন অভিযোগের পেছনে রয়েছে পারিবারিক সম্পত্তির লোভ। তিনি বলেন:
“আমার বাবার আর্থিক অবস্থা ও সম্পত্তি অন্য চাচাদের তুলনায় বেশি। আমি বাবার একমাত্র ছেলে এবং একমাত্র উত্তরাধিকারী। তারা মনে করছে আমাকে যদি মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, তবে আমার বাবার সম্পত্তি ও টাকা-পয়সা ভোগদখল করার পথ তাদের জন্য পরিষ্কার হবে।
যাচাই না করেই বাবার কঠোর সিদ্ধান্ত
রাকিবের অভিযোগ, তার বাবা ঘটনার সত্যতা যাচাই না করেই তার ভাই, ভাবি ও মায়ের (চাচা-চাচি ও দাদি) প্ররোচনায় প্রলুব্ধ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র মৌখিক অভিযোগের ভিত্তিতে একজন প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তাকে এভাবে গৃহহীন করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর্তমানে নিরাপত্তাহীনতায় থাকা রাকিব এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি মনে করেন, সঠিক তদন্ত হলে তার বিরুদ্ধে আনা মারধর ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হবে।


