সুনামগঞ্জের পৌরশহরের একটি আবাসিক হোটেলে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে আকাশ চন্দ্র দাস (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযুক্ত আকাশ চন্দ্র দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমরিতাসরি গ্রামের বাসিন্দা। নির্যাতিত কিশোরের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের সঙ্গে টিকটক প্ল্যাটফর্মে পরিচয় হয় আকাশের। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত কিছুদিন আগে আকাশ ওই কিশোরকে ফুসলিয়ে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাস স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে। নির্যাতনের পুরো দৃশ্যটি আকাশ তার নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখে।
পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আকাশ ওই স্কুলছাত্রকে আবারও ব্ল্যাকমেইল করতে শুরু করে। সেই ভিডিওর ভয় দেখিয়ে গত কিছুদিন পর শহরের আরেকটি আবাসিক হোটেলে নিয়ে কিশোরটিকে আবারও যৌন নির্যাতন করা হয়।
এক পর্যায়ে বিষয়টি নির্যাতিত কিশোরের পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর তারা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এদিকে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আকাশ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাবের সহযোগিতায় আত্মগোপনে থাকা আকাশকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ঘটনার চিত্র ধারণ করা মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত শুরু করি। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। একই সাথে তার কাছ থেকে অপরাধের প্রমাণসহ মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


