এস আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান (ভিপি আনিস)।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভিপি আনিস বলেন, একটি মহল লালমনিরহাট জেলা বিএনপির রাজনীতিকে কলুষিত করার উদ্দেশ্যে বিভিন্ন ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী নামে এক ব্যক্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জড়িয়ে ভিত্তিহীন, মনগড়া ও বানোয়াট বক্তব্য ও পোস্ট প্রকাশ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
ভিপি আনিস দাবি করেন, বন্যা শুরুর সময় সংসদ অধিবেশন চলমান থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে বন্যাকবলিত এলাকার মানুষ যাতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে, সে লক্ষ্যে ফ্লাড শেল্টার নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সার্বক্ষণিকভাবে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছেন। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভিপি আনিস ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে লালমনিরহাট জেলা যুবদল।


