হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি | Bartashindhu.com
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় এবং কঠোর মনিটরিং ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে উপজেলার সাতটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি সাধারণ (জেনারেল), একটি আলিম এবং তিনটি কারিগরি (বিএম) কেন্দ্র রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট এক হাজার ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২৫ জন।
শাখাভিত্তিক উপস্থিতির তথ্য অনুযায়ী, জেনারেল শাখায় ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮৫ জন, আলিম শাখায় ৮৯ জনের মধ্যে ৮৬ জন এবং বিএম শাখায় ২৩৫ জনের মধ্যে ২৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ বলেন, “এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ধারা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ তৌহিদুর রহমান জানান, প্রতিটি পরীক্ষার কক্ষ সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং সেগুলো সরাসরি শিক্ষা বোর্ড থেকে মনিটরিং করা হচ্ছে। ফলে নকলের কোনো সুযোগ নেই।
হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা শতভাগ বাস্তবায়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তার মতে, চলতি বছরের পরীক্ষা আগের বছরের তুলনায় আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও ব্যতিক্রমধর্মী পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।


