এম এইচ রাকিব | হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ এবং মানব পাচার রোধে তিনটি গুরুত্বপূর্ণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, হালুয়াঘাটের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
সভায় হালুয়াঘাট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গৃহীত কার্যক্রম এবং মানব পাচার রোধে সচেতনতামূলক ও প্রতিরোধমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বক্তারা সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
সভায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে হালুয়াঘাট উপজেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বার্তা সিন্ধু ডেস্ক


