ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানা পুলিশ। অভিযানের সময় ছামছুদ্দিন (২৮), পিতা- আব্দুল কুদ্দুছকে নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়।
আটকের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। আদালতে নেশাজাতীয় ট্যাবলেট নিজের হেফাজতে রাখার অপরাধে ছামছুদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধোবাউড়া থানার এসআই সাকিব, এএসআই শরিফসহ পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধোবাউড়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।


