এম এইচ রাকিব || বার্তা সিন্দু ডট কম
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। দুই উপজেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। ফলে এলাকাজুড়ে মাদকবিরোধী জনমত আরও শক্তিশালী হচ্ছে।
সাম্প্রতিক সময়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটক করা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। প্রশাসনের এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের সমাজসেবা সম্পাদক, জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক এবং ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যে বলেন, “হালুয়াঘাট ও ধোবাউড়া এই দুই উপজেলার ইউএনও এবং ওসি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার প্রতিযোগিতায় নেমেছেন। এই প্রতিযোগিতা চলমান থাকলে সীমান্তবর্তী দুই উপজেলার যুবসমাজ খুব দ্রুত মানবসম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। এলাকার যুবসমাজকে অনুরোধ করবো আপনারা মাদকসেবী এবং ব্যবসায়ীদের গ্রেফতার করতে প্রশাসনকে সহায়তা করুন। মাদকমুক্ত উপজেলা গড়তে আমরাও আপনাদের পাশে আছি।”
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরেই হালুয়াঘাট ও ধোবাউড়ার কিছু এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানের ফলে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের ধারাবাহিক অভিযান, জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকলে হালুয়াঘাট ও ধোবাউড়াকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে


