নিজস্ব প্রতিবেদক | Bartashindhu.com
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা উপজেলার কান্দানিয়া বাজারে এক বিএনপি নেতার জুয়ার আসরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নেতা হলেন শাহীনুর মল্লিক জীবন। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, কান্দানিয়া বাজারে দীর্ঘদিন ধরেই জুয়ার আসর বসছে। সম্প্রতি জুয়ার আসরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, কান্দানিয়া বাজার ত্রিশাল ও ভালুকা উপজেলার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ বাজার। ব্যবসা-বাণিজ্যের জন্য পরিচিত এ বাজারে গত এক বছর ধরে জুয়া, মাদক ও মদ সংক্রান্ত কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, বাজারের দক্ষিণ পাশে প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। এ আসরকে কেন্দ্র করে ইয়াবা ও মদ বেচাকেনাও হয়ে থাকে বলে স্থানীয়দের দাবি। ব্যবসায়ীরা একাধিকবার উদ্যোগ নিয়েও জুয়ার আসর বন্ধ করতে পারেননি বলে অভিযোগ করেছেন।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছেন। পত্রিকা বিছিয়ে তার ওপর টাকা রাখা রয়েছে। সেখানে স্থানীয় এক বিএনপি নেতাকেও বসে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে শাহীনুর মল্লিক জীবন বলেন, তার ঘরে মাঝে মধ্যে তাস খেলা হয়। তবে টাকা দিয়ে খেলা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
অন্যদিকে রাশেদুল হাসান জানান, ভাইরাল হওয়া ছবিটি তিনি এখনও দেখেননি। ছবিটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।


