বার্তাসিন্ধু ডেস্ক | ১২ জুলাই ২০২৬
মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১২ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনিসুর রহমানকে দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এর আগে হালুয়াঘাটে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে আনিসুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই ঘটনায় আরও দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম