
ফেনী প্রতিনিধি
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, একদিকে রয়েছেন ২০২৪ সালের নির্বাচনে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিমের অনুসারীরা, অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অনুসারীরা।
অভিযোগ রয়েছে, ঝটিকা মিছিলে অংশগ্রহণের জন্য কর্মীদের আর্থিক প্রলোভন দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীদের মাথাপিছু ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। নেতৃত্বদানকারীদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের মিছিলে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।
স্থানীয় সূত্র আরও জানায়, গত ১৭ জুন সকালে ফেনী শহরের বড় বাজার ও স্টেশন রোড এলাকায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের গ্রেপ্তার হলেও ১৫ দিনের মধ্যে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে, মিছিলসহ যেকোনো ধরনের কর্মসূচি প্রতিরোধে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঝটিকা মিছিলের ঘটনায় ফেনী মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোনেম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে অর্থের বিনিময়ে মিছিল আয়োজন এবং শিশুদের ব্যবহার সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন যাচাইও সম্ভব হয়নি।
M.H. - Rakib
© স্বত্ব সংরক্ষিত © বার্তা সিন্দু ডট কম